জানা গেল এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ
- সর্বশেষ আপডেট ০৩:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 28
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এছাড়া এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, সারা দেশে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তারে সরকার গুরুত্ব দিচ্ছে। যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে সেশনজট কমাতে ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দ্রুত পরবর্তী শিক্ষাস্তরে যেতে পারে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে।
কোচিংনির্ভরতা কমানোর লক্ষ্যে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও বেশি গুরুত্ব দেওয়া হবে।






























