মধ্যপ্রাচ্য সংঘাতে ভর্তুকি চাপ ৪২ হাজার ৬০০ কোটি
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 10
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জুন পর্যন্ত শুধু এই চার খাতেই অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হতে পারে। তাঁর মতে, ইরানসহ মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিভাজিত হিসাব অনুযায়ী, তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি, বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি এবং সারে ১ হাজার ৩৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, এর প্রভাব ইতোমধ্যে আমদানি ব্যয়, উৎপাদন খরচ, পরিবহন, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রেমিট্যান্স ও কর্মসংস্থানের ওপর পড়তে শুরু করেছে। দীর্ঘমেয়াদে অস্থিরতা প্রবাসী শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহেও ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করেন।
সরকার পরিস্থিতি নজরদারিতে রেখেছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি আমদানি উৎস বাড়ানো, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নতুন শ্রমবাজার খোঁজার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি চলমান রয়েছে।































