সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ান অনিবন্ধিত সাংবাদিকরা: তথ্য প্রতিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 46
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নিবন্ধিত সাংবাদিক নন—এমন ব্যক্তিরাই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকেন।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রবিবার (৭ জুন) তিনি এ মন্তব্য করেন। এ সময় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র সহজেই পাওয়া যাচ্ছে। কিন্তু অনেকেরই সাংবাদিকতা বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, কেউ কেউ তো সাধারণ শিক্ষাগত যোগ্যতাও পূরণ করেন না।
তিনি আরও বলেন, ইউটিউবসহ নানা মাধ্যমে অনেকেই যাচ্ছেতাই তথ্য প্রচার করছে। এসব পরিচয়পত্র কারা দিচ্ছে, প্রার্থীদের যোগ্যতা কী—এসব বিষয়ে তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে এ ধরনের অনিয়ন্ত্রিত প্রবণতা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি। না হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভুয়া ও অপতথ্য নিয়ে সরকার কাজ করছে। নিবন্ধনবিহীন ব্যক্তিরাই বেশি এসব তথ্য ছড়াচ্ছেন বলে তাদের পর্যবেক্ষণে দেখা গেছে। এ বিষয়ে আলাদা একটি দল গঠন করা হয়েছে, যারা নিয়মিত নজরদারি করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। খুব শিগগিরই এই পর্যবেক্ষণ কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করা হবে বলে তিনি সংসদকে জানান।
































