ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা খোলা থাকবে
- সর্বশেষ আপডেট ০৫:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 133
পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত ও জরুরি লেনদেন সচল রাখতে নির্দিষ্ট কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক রোববার (১৭ মে) এক সার্কুলারে জানায়, ছুটির আগে ২৩ ও ২৪ মে সব ব্যাংক স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।
সার্কুলারে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ সহজ করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, টঙ্গী ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে সীমিত জনবল নিয়ে খোলা থাকবে।
এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস চলবে, আর লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া আমদানি–রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সীমিতভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা–কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।


































