ঢাকায় পুরোনো বাড়িতে ৬ মাসের মধ্যে সেপটিক ট্যাংক বসানোর নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৯:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 27
ঢাকায় নতুন ভবন নির্মাণে সেপটিক ট্যাংক বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে পুরোনো বাড়িগুলোতেও ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব নতুন বাড়িতে সেপটিক ট্যাংকের ব্যবস্থা থাকবে না, সেসব ভবনের নির্মাণ অনুমোদন দেওয়া হবে না। আর পুরোনো বাড়ির মালিকদের ছয় মাস সময় দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
প্রতিমন্ত্রী জানান, গুলশান ও বনানীসহ রাজধানীর লেকগুলো রক্ষায় আলাদা কমিটি গঠন করা হয়েছে। লেকের পানি দূষণ কমানো, সৌন্দর্য বৃদ্ধি এবং সুয়ারেজ সংযোগ বন্ধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লেকগুলোর সংযোগ সমন্বয় এবং অবৈধ সুয়ারেজ লাইন বন্ধে আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার লক্ষ্য রয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজধানী পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এ জন্য এলাকাভিত্তিক কমিটি গঠন করে মশার বিস্তার রোধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
































