সর্বশেষ আপডেট
০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
/ 17
পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। শুক্রবার মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজন হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন।
মক্কার বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ৭৮ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
এদিকে ঢাকায় সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ভিসা ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনার ভিসা ৭৩ হাজার ৯২৩টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।