ঈদযাত্রায় মাঠে থাকবে ৫০ ম্যাজিস্ট্রেট
- সর্বশেষ আপডেট ০৮:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 26
আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। আগামী ২০ থেকে ৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর দপ্তরে ২৪ ঘণ্টা চালু থাকবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। পাশাপাশি অনিয়ম দমনে মাঠে থাকবেন অতিরিক্ত ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়াসহ দেশের সব বড় বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু করবে। প্রয়োজনে অতিরিক্ত বাসও প্রস্তুত রাখা হবে। এছাড়া যাত্রীচাপ সামাল দিতে পিক আওয়ারে মেট্রোরেলের ট্রেন চলাচলের ব্যবধান সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক নিরাপত্তা বাড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকায় বিশেষ ব্যবস্থা, ব্লাইন্ড স্পট মিরর স্থাপন এবং চালকদের ডোপ টেস্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিম কাজ করবে।
সভায় মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না। দুর্ঘটনা বা নিয়ম ভঙ্গের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।





































