আগামী ২ বছরে ১২ লাখ কর্মী নেবে জাপান

- সর্বশেষ আপডেট ০৫:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 48
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাপানের ক্রমবর্ধমান শ্রমসংকট মোকাবিলায় ২০২৯ সালের মার্চের মধ্যে প্রায় ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটি। এর বড় অংশই নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির আওতায় নেওয়া হবে, যেখানে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনার দ্বার খুলছে।
সরকারি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, জাপান এসএসডব্লিউ খাতে ১৬টি সেক্টরে বিপুল কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশ প্রস্তুতি নিতে পারলে অন্তত ৩ লাখের বেশি কর্মী পাঠানো সম্ভব হতে পারে। এতে মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণের সক্ষমতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বর্তমানে দক্ষ জনশক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। তবে ভাষা দক্ষতা ও প্রযুক্তিগত প্রস্তুতি ছাড়া সেখানে টিকে থাকা কঠিন হবে। তার মতে, যথাযথ প্রস্তুতি থাকলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে দেশে একাধিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি সম্প্রসারণ এবং জাপানি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো হয়েছে।
এছাড়া শিক্ষার্থী ও কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ঋণ সুবিধা, প্রশিক্ষণ কাঠামো সংস্কার এবং রিক্রুটিং প্রক্রিয়ায় নতুন নীতিমালাও চালু করা হচ্ছে। জাপানে কাজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আংশিক কাজের সুযোগও থাকছে, যা অভিবাসন সম্ভাবনাকে আরও বিস্তৃত করছে।
বিশেষজ্ঞদের মতে, নেপাল, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে দক্ষতা ও ভাষা শিক্ষায় আরও বিনিয়োগ বাড়াতে হবে।































