১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 170
আগামী ১৪ এপ্রিল দেশজুড়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল সেবার যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি উপজেলার কৃষকরা এই বিশেষ কার্ডের আওতায় আসছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠির বরাতে জানা গেছে, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন করবেন। কৃষিবান্ধব এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা।
সারাদেশের ১০টি নির্দিষ্ট উপজেলায় একযোগে এই ‘কৃষক কার্ড’ কার্যক্রমের প্রি-পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। উপজেলাগুলো হলো:
টাঙ্গাইল সদর
পঞ্চগড় সদর ও বোদা
বগুড়ার শিবগঞ্জ
ঝিনাইদহের শৈলকুপা
পিরোজপুরের নেছারাবাদ
কক্সবাজারের টেকনাফ
কুমিল্লার আদর্শ সদর
জামালপুরের ইসলামপুর
রাজবাড়ীর গোয়ালন্দ
মৌলভীবাজারের জুড়ী।
কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে সরকারি ভর্তুকি সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এই প্রি-পাইলট কর্মসূচির সাফল্যের ওপর ভিত্তি করে পরবর্তীকালে সারাদেশে এই কার্ড বিতরণ করা হবে।































