ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের‘শোচনীয় পরাজয়’: রাশিয়া

- সর্বশেষ আপডেট ০৩:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 197
ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে—এমন দাবি করেছে রাশিয়া। মস্কোর ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই, শুরু থেকেই তারা সংঘাত থামানোর আহ্বান জানিয়েছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘বিনা উসকানিতে একতরফা ও আগ্রাসী হামলা’ চালায়।
তার ভাষায়, এই অভিযানে দুই দেশই শেষ পর্যন্ত “শোচনীয় পরাজয়” বরণ করেছে।
বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মনে করিয়ে দেন, রাশিয়া শুরু থেকেই এই হামলার বিরোধিতা করেছে।
তার বক্তব্য, প্রথম প্রতিক্রিয়াতেই মস্কো স্পষ্ট করেছিল—এ ধরনের পদক্ষেপ দ্রুত বন্ধ হওয়া দরকার এবং পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।
এদিকে অঞ্চলজুড়ে উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরানের একটি ড্রোন হামলায় দেশটিতে দুজন আহত হয়েছেন। যদিও তাদের আঘাত গুরুতর নয়।
ড্রোন থেকে ছিটকে পড়া ধাতব খণ্ড সিতরা এলাকায় কয়েকটি বাড়িতে ক্ষতি করেছে বলে জানানো হয়েছে। তবে হামলাটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আগে, নাকি পরে ঘটেছে—সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি বাহরাইন সরকার।



































