হরমুজে ইরানের মাসিক ৪৫০ কোটি ডলারের রাজস্ব আয়ের পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০৬:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 167
ইরান হরমুজ প্রণালীর শুল্ক থেকে প্রতি মাসে ৪৫০ কোটি ডলার আয় করতে চাইছে। তেহরান বলেছে, এই অর্থ অবকাঠামো পুনর্নির্মাণ ও সামরিক আধুনিকায়নে, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তিশালী করতে ব্যবহার হবে।
দেশটি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং প্রণালীতে বিশেষ অধিকারের দাবি তুলেছে। প্রতিদিন ১০০–১৩৫টি জাহাজ এখানে চলাচল করে, যা আড়াই কোটি ব্যারেল তেল এশিয়ার বড় বাজারে পৌঁছে দেয়।
সীমিত জাহাজ পারাপারের বিনিময়ে প্রতি জাহাজে প্রায় ২০ লাখ ডলার শুল্ক নেওয়া হচ্ছে, যা চীনা ইউয়ানে গ্রহণ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে প্রতি মাসে ৪৫০ কোটি ডলার আয় সম্ভব।
ইরানের হুমকিতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের ওপরে গেছে। মার্কিন ও এশিয়ার বাজারে খরচ বাড়ছে, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখা কঠিন।
ইরান পারস্য উপসাগরের ‘গেটকিপার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। হরমুজ ছাড়াও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালীতেও প্রভাব রাখছে।
আইনিভাবে হরমুজ আন্তর্জাতিক জলপথ। তবে প্রতিবেশী দেশগুলো ইরানের পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করছে।































