তেলের দাম মে মাসেই ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা

- সর্বশেষ আপডেট ০৮:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 108
ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগান সতর্ক করে বলেছে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে মে মাসেই তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়াতে পারে।
প্রতিষ্ঠানটির এক সাম্প্রতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়, সরবরাহ ব্যাহত থাকলে স্বল্পমেয়াদে তেলের দাম ১২০ থেকে ১৩০ ডলারের মধ্যে উঠানামা করতে পারে। তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সংকট অব্যাহত থাকলে ঊর্ধ্বগতি আরও তীব্র হতে পারে।
বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটে কোনো বিঘ্ন তৈরি হলেই তা সরাসরি সরবরাহ ব্যবস্থায় চাপ ফেলে এবং বাজারে মূল্য বাড়িয়ে দেয়।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই সময়জুড়ে তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকতে পারে। তবে আলোচনার মাধ্যমে আংশিক স্বাভাবিকতা ফিরলে বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি আসতে পারে।
দীর্ঘ সময় উচ্চমূল্য বজায় থাকলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। চাহিদা কমে যাওয়া থেকে শুরু করে সম্ভাব্য মন্দার ঝুঁকিও উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পড়তে শুরু করেছে, আর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
































