মানবিক স্বাস্থ্যব্যবস্থার পথে সরকার: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 101
মানুষকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, শহর থেকে গ্রাম—সবখানে মানসম্মত চিকিৎসা পৌঁছানো, মা ও শিশুর পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামী ৭ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে, এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের বড় অংশই নারী।
পাশাপাশি সবার জন্য ই-হেলথ কার্ড চালু, জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট অংশীদারত্ব, স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, গবেষণা ও শিক্ষায় জোর এবং সেবার মান উন্নয়নে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটির সুস্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ‘এক স্বাস্থ্য’ ধারণার আলোকে চিকিৎসা, কৃষি, প্রাণি ও পরিবেশবিজ্ঞানের সমন্বিত প্রয়োগ এবং টেকসই প্রযুক্তির ব্যবহার জরুরি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতি স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত সেবা পৌঁছাতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যাতে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব হয়।
তিনি পুনর্ব্যক্ত করেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর—এই নীতিতে সরকার কাজ করছে।
‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সহজলভ্য ও সুলভ সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। শেষে দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।































