সরকার এতিম শিশুদের সমাজে পুনর্বাসনে সচেষ্ট: মন্ত্রী

- সর্বশেষ আপডেট ১০:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 136
দিনাজপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকার এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত বেসরকারি এতিমখানা ও আশ্রমের মধ্যে ক্যাপিটেশন গ্রান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিগত সরকারের অনেক অনুদান সুবিধাভোগী নির্বাচন ভিত্তিক হয়েছে। আমাদের কাজ হচ্ছে সেটি ঠিক করা। যারা এতিমখানার দায়িত্বে আছেন, তারা যেন শিশুদের নিজের সন্তান হিসেবে লালন-পালন করেন।”
তিনি আরও বলেন, সমাজসেবা ও অন্যান্য অধিদফতরের কর্মকর্তারা নিয়মিত সরেজমিনে যাচাই-বাছাই করবেন এবং শিশুদের সঙ্গে কোনো অবস্থায় দুর্ব্যবহার সহ্য করা হবে না। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,”—মন্ত্রী এই মানবিক বাণীও তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা।
চেক বিতরণে জেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩০২৪ জন শিশুদের মাঝে মোট ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হয়।































