জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, জয়ে ফিরল ব্রাজিল
- সর্বশেষ আপডেট ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 77
ঘরের মাঠ লা বোম্বোনেরায় রীতিমতো গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। দাপুটে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অপরদিকে গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অরল্যান্ডোয় বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সেলেসাওদের।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই জালের দেখা পান। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে শট না নিয়ে মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটিই ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে সেই উপলক্ষটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি। ৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। আর শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকোর গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিকে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ে ফেরার এই স্বস্তির দিনে ব্রাজিলের হয়ে জালের দেখা পেয়েছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক দৌড়ের পর দানিলো জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিলের ৩-১ ব্যবধানের এই জয়ে তৃতীয় গোলটিতেও বড় অবদান ছিল এন্দ্রিকের।





































