বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

- সর্বশেষ আপডেট ১২:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 145
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে টয়লেট থেকে ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত বিমানটিকে অবতরণের পূর্ব থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেল বিমানের কারিগরি দলের সহায়তায় খুলে দেখা হলে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, যার সর্বমোট ওজন ১৭.৭৮৪ কেজি। উক্ত স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ (আটত্রিশ) কোটি টাকা। উদ্ধারকৃত ১৭.৭৮৪ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে।































