ঈদযাত্রা
ট্রেনের ছাদে চড়েই বাড়ির পথে যাত্রীরা

- সর্বশেষ আপডেট ১১:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 182
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে তাই বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল ঘরমুখী মানুষের ভিড়। অধিকাংশ ট্রেন ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে ছেড়েছে। কোচের ভেতর ছাড়িয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ছাদে ওঠা ঠেকাতে চেষ্টা করলেও শেষ মুহূর্তের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে যাত্রী ওঠার দৃশ্য দেখা যায়। এদিন সকাল ৯টা পর্যন্ত কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে অন্তত ১০টি ট্রেন ছেড়ে গেছে। সব ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও প্রায় প্রতিটিই যাত্রীতে ছিল পরিপূর্ণ।
এদিকে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে নির্ধারিত ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এসব টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘ লাইনও দেখা গেছে।
অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী নিজেদের নির্ধারিত আসনে পৌঁছাতেও হিমশিম খাচ্ছেন। বিশেষ করে বিমানবন্দর স্টেশনে যাত্রীর চাপ আরও বেড়ে যাচ্ছে। সেখান থেকেও অনেকে ট্রেনের ছাদে উঠছেন।
কমলাপুর স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘শুরু থেকেই ছাদে ওঠা বন্ধের চেষ্টা করা হয়েছে; কিন্তু শেষ মুহূর্তে যাত্রীর চাপ এত বেশি থাকে যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানবিক দিক বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে, যাতে সবাই ঈদে বাড়ি যেতে পারে।’




































