শিরোনাম
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 174
প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিন শনিবারও (৭ মার্চ) অফিস করলেন । সরকারপ্রধান হিসেবে শপথ নেয়ার পর এ নিয়ে টানা তিন শনিবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন তিনি।
প্রধানমন্ত্রীর পাশাপাশি জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছুটির দিন শনিবারও অফিসে ছিলেন।
এদিকে ছুটির দিন হলেও শনিবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১২টায় কার্যালয়ে আসেন তিনি। এর পরপরই পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।
পরবর্তীতে দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে শনিবার দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয় থেকে সেখানে যাবেন তিনি।



































