ফিলিং স্টেশনে জ্বালানি নিয়ন্ত্রণ, ৫ শর্ত জারি

- সর্বশেষ আপডেট ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 124
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের মূল্য ও সরবরাহ অস্থির হয়ে উঠেছে। এই প্রভাব পড়েছে বাংলাদেশেও।
রাজধানীর ফিলিং স্টেশনে তেলের জন্য ভিড়, লাইনে দাঁড়িয়ে তর্ক-বিতর্ক, এমনকি হাতাহাতির ঘটনা ঘটছে। কেউ কেউ জ্বালানি বেশি সংরক্ষণ করার চেষ্টা করছেন।
এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত দিয়েছে, প্রতিটি ফিলিং স্টেশন কতটুকু তেল সরবরাহ করবে এবং ভোক্তাদের মধ্যে কীভাবে বিতরণ হবে। শুক্রবার (৬ মার্চ) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় পাঁচটি শর্ত উল্লেখ করা হয়েছে।
১. তেল গ্রহণের সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্যসহ ক্রয় রশিদ দেওয়া বাধ্যতামূলক।
২. প্রতিবার তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ বা বিল দেখাতে হবে।
৩. ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে তেল সরবরাহ করবেন।
৪. ফিলিং স্টেশনগুলো তাদের মজুত ও বিক্রয় তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানিয়ে তেল উত্তোলন করবে।
৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের সরবরাহ দেওয়ার আগে বরাদ্দের আলোকে মজুত ও বিক্রয় তথ্য যাচাই করবে, কোনোভাবেই বরাদ্দের বেশি তেল দেওয়া যাবে না।
সরকারের এই নির্দেশনা মূলত জনস্বার্থে ও অব্যবস্থাপনা রোধে নেওয়া হয়েছে, যাতে তেল সংকটের সময় ভোক্তারা সুষমভাবে জ্বালানি পেতে পারেন।































