মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তির আহ্বান জাতিসংঘের

- সর্বশেষ আপডেট ০৫:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 127
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম দেখিয়ে শান্তির সুযোগ দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংঘাতের আগুন নেভানোর জন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, “বিশ্ব এখন এমন পদক্ষেপ দেখতে চায় যা সংঘাত নিয়ন্ত্রণে আনবে। কিন্তু বাস্তবে আমরা শুধু উত্তেজনাপূর্ণ বক্তব্য, বোমা হামলা, ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির ঘটনা বাড়তে দেখছি। এতে সংঘাত আরও জটিল হয়ে উঠছে।”
ভলকার তুর্ক সংশ্লিষ্ট দেশগুলোকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান। পাশাপাশি অন্য দেশগুলোকেও স্পষ্টভাবে সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি সংযম দেখানোর জন্য বলার পরামর্শ দেন।
তিনি সতর্ক করে বলেন, বেসামরিক মানুষদের জন্য আরও ভয়াবহতা এড়াতে হলে এখনই সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে। না হলে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

































