যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে সম্মতি ছিল বিএনপি-জামায়াতের : পররাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৯:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 247
নির্বাচনের ঠিক আগে নয়, দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর দাবি, বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতেরও আগাম সম্মতি ছিল।
বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাদের সম্মতি নিয়েই পুরো প্রক্রিয়া এগিয়েছে। ফলে চুক্তিটি গোপনে বা আকস্মিকভাবে সম্পন্ন হয়েছে—এমন ধারণা সঠিক নয় বলে তিনি ইঙ্গিত করেন।
খলিলুর রহমান বলেন, আলোচনার সূত্রপাত একদিনে হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম বাণিজ্য ঘাটতি নিয়ে কথাবার্তা শুরু হয়।
এরপর এপ্রিল মাসে পারস্পরিক শুল্ক আরোপের প্রেক্ষাপটে আলোচনা গতি পায় এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা সংলাপ চলে। শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, আরও কয়েকটি দেশের সঙ্গেও সমান্তরালভাবে আলোচনা হয়েছে বলে তিনি জানান। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক সুবিধা পায়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তুলা বা মানবসৃষ্ট তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শূন্য শতাংশ পাল্টা শুল্ক চাওয়া হয়েছিল। এ নিয়ে কারিগরি ও নীতিগত সমন্বয়ে কিছুটা সময় লেগেছে।
একইভাবে ‘রুলস অব অরিজিন’ নির্ধারণেও যুক্তরাষ্ট্র সময় নিয়েছে। তবে গত বছরের ৩১ জুলাই চুক্তির খসড়া চূড়ান্ত হয় এবং পরদিনই ২০ শতাংশ সুবিধা কার্যকর হয় বলে তাঁর বক্তব্য।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পুরো প্রক্রিয়াটি ছিল আলোচনানির্ভর ও ধাপে ধাপে এগোনো। নির্বাচনের মাত্র তিন দিন আগে হঠাৎ করে চুক্তি সম্পন্ন হয়েছে—এমন প্রচার বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই তিনি মনে করেন।






























