দক্ষিণ ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত ৪০

- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
দক্ষিণ ইরান- এর একটি স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। এর আগে বিভিন্ন প্রতিবেদনে নিহতের সংখ্যা ৫ থেকে ২৪ জন পর্যন্ত বলা হলেও সর্বশেষ তথ্যে তা বেড়ে ৪০ জনে পৌঁছেছে।
হামলাটি হয়েছে হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। বিস্ফোরণের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী তেহরানেও নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থায় কঠোর বিধিনিষেধ থাকায় পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়।
যৌথ সামরিক অভিযানের পর দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণে ইরানে কার্যত পূর্ণাঙ্গ ইন্টারনেট বন্ধের ইঙ্গিত মিলছে। সংস্থাটি বলেছে, আগের সংঘাতের সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিও অনেকটা তেমন।
অন্যদিকে ইসরায়েল-এর একটি বেসরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলে একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সামান্য আহত হয়েছেন। একটি আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এক বিবৃতিতে তারা বলেছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধ ও হামলা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিশ্লেষকদের মতে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।
সূত্র: আল জাজিরা




































