পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পাল্টা অভিযানের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। সীমান্তে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক যে আরও তিক্ত হয়ে উঠেছে, তারই ইঙ্গিত মিলছে এই ঘোষণায়।
আরও পড়তে পারেন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। কাবুলের দাবি, এতে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
তালেবান সরকারের ভাষ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তান বিমানবাহিনীর অভিযানের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়। ওই বিমান হামলায় ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে আফগান পক্ষ দাবি করেছে। ঘটনাটিকে তারা “প্রতিশোধমূলক প্রতিক্রিয়া” হিসেবে ব্যাখ্যা করছে।
সীমান্তে আঘাত হানার পর মধ্যরাতের দিকে আফগান বাহিনী নিজেদের অবস্থানে ফিরে যায়। তবে কয়েক ঘণ্টা না পেরোতেই পরিস্থিতি আবার ঘুরে দাঁড়ায়। রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান সশস্ত্র বাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশে পাকিস্তান বিমানবাহিনী ব্যাপক বিমান হামলা চালায়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চার শতাধিক। তার ভাষ্য অনুযায়ী, ৭৩টি তালেবান সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে, ১৮টি দখলে নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাবে ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি অস্ত্র ধ্বংসের কথাও তিনি উল্লেখ করেন।




































