‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 164
ডিসেম্বরে দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই মাসের ব্যবধানে সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সরাসরি কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে জনপ্রশাসন দলীয় প্রভাবের মধ্যে পড়েছিল। এর ফলে নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার ভাষায়, প্রশাসন দেশের সামগ্রিক অস্থিরতা থেকে আলাদা ছিল না; বরং একই প্রভাব সেখানে পড়েছে।
উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নীতির আলোকে একটি মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলাই এখন লক্ষ্য। সরকারি কর্মকর্তারা ‘প্রশাসক’ নয়, জনগণের ‘সেবক’ হিসেবে কাজ করবেন—এমন প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন। জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিএনপির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে ইসমাইল জবিউল্লাহ বলেন, দলটির সঙ্গে তাদের আদর্শিক সম্পর্ক রয়েছে। তবে নির্বাচনের আগে ও পরের বাস্তবতায় পরিবর্তন এসেছে বলেও ইঙ্গিত দেন তিনি।
জনগণের রায়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দায়িত্ব ও জবাবদিহিতা বেড়েছে—এ কথাও স্বীকার করেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নকেই তিনি সরকারের প্রধান কর্তব্য হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি উদার গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে। শুধু দলীয় সীমারেখায় নয়, বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে এগোনোর কথাও বলেন তিনি।
মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল তার প্রথম লক্ষ্মীপুর সফর।
এদিন সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
































