১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৪:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 153
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপে সরকার ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১০ মার্চ বগুড়ায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠান বগুড়ায় অনুষ্ঠিত হবে।
সরকার জানিয়েছে, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই প্রতিটি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাস্তবায়ন করা হচ্ছে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রথম ধাপে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে। ১০ মার্চ থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব উপজেলাকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, ভবিষ্যতে এই ফ্যামিলি কার্ডকে সার্বজনীন কর্মসূচিতে রূপ দেওয়া।































