এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 158
স্বাস্থ্যখাতকে সামনে রেখে বড় ধরনের নিয়োগ পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেছেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী বাজেট বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে সেবা পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
তাঁর ভাষ্য, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নতুন কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ জোরদার করা হবে। রোগীদের সঙ্গে চিকিৎসকদের আচরণ নিয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তাঁর মতে, চিকিৎসকরা সময় নিয়ে ভদ্রভাবে পরামর্শ দিলে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর শারীরিক অবস্থার উন্নতি ঘটতে পারে।
হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জমি দখল বা দালালচক্র পুরোপুরি নির্মূল করা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়।
এ ক্ষেত্রে সামাজিক উদ্যোগ প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, তবে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে—হাসপাতালকে নিজেদের সম্পদ হিসেবে দেখে অন্যায় দেখলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেলার হাসপাতালগুলোর সরঞ্জাম ঘাটতি, চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সমস্যাগুলোর সমাধান ধাপে ধাপে করা হবে বলে আশ্বাস দেন।
পাশাপাশি সব চিকিৎসককে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে রোগী দেখার নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
মহাসড়কের পাশে অবস্থিত ট্রমা সেন্টার দীর্ঘদিন চালু না থাকার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































