বিসিবি গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান আসিফ আকবর

- সর্বশেষ আপডেট ০৬:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 181
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গায়ক ও পরিচালক আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণাপত্র এখনো প্রকাশিত হয়নি, বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন আসিফ। পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বয়সভিত্তিক ক্রিকেট দেখভাল করছিলেন। এবার সেই দায়িত্বের সঙ্গে যুক্ত হলো গেম ডেভলপমেন্টের গুরুত্বপূর্ণ পদ।
এই পদে আগে দায়িত্ব পালন করছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক, যিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বোর্ডে আসেন। দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় সময়ের অভাবের কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেন। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আসিফ আকবর, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তার নতুন দায়িত্ব পাওয়ায় নানা প্রশ্ন উঠছে ক্রীড়ামহলে।
এখন দেখার বিষয়—বয়সভিত্তিক ক্রিকেট থেকে গেম ডেভলপমেন্ট—এই বিস্তৃত দায়িত্বে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন আসিফ আকবর।



































