ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে শাহবাগ থানা ঘেরাও

- সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 303
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের অপরাধ ছাড়াই নাইমুদ্দীনকে পুলিশ মারধর করে।
তারা প্রশ্ন তোলেন, “রাস্তা-ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে—এই অধিকার কে দিয়েছে? মানুষ কি এখন নিরাপদে চলাফেরা করতে পারবে না?” ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. ডিসি মাসুদসহ হামলায় জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাসের ভেতরে ও আশপাশে অযাচিত পুলিশি তৎপরতা বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
এদিকে একই ঘটনায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় দুই মাল্টিমিডিয়া সাংবাদিকসহ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীকে মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় আহত হন বাংলানিউজ২৪.কম-এর তোফায়েল আহমেদ (২৫) ও আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে লাঠিপেটা করছেন। পরে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে তিনি জানান, অভিযানের ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন কনস্টেবল তাকে মারধর করেন।
সহকর্মীকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন রিপন আহমেদও। তার অভিযোগ, ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ তার পায়ে লাঠি দিয়ে আঘাত করে।
তবে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। তার ভাষ্য, মাদকবিরোধী অভিযানের সময় এক মাদকাসক্তের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হন। উত্তপ্ত পরিস্থিতিতে সাংবাদিকদের কাছে পরিচয়পত্র না থাকায় ভুলবশত এ ঘটনা ঘটে। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
































