হালিশহর গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৭:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 271
চট্টগ্রামের হালিশহরের একটি আবাসিক ভবনে ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯ জনের মধ্যে রানি আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তাদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে চারপাশ কেঁপে ওঠে।
দগ্ধরা হলেন শাখাওয়াত হোসেন ৪৬, মো. শিপন ৩০, মো. সুমন ৪০, মো. শাওন ১৭, মো. আনাস ৭, মো. আইমান ৯, আয়েশা আক্তার ৪, পাখি আক্তার ৩৫ ও রানী আক্তার ৪০।
স্থানীয়রা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম তলার ইউনিটগুলোর দরজা ভেঙে যায় এবং লিফট ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একটি স্বজন জানান, গুরুতর রোগীদের যেকোনো সময় আইসিইউ প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনজনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। একজনের ৮০ শতাংশ এবং দুইজনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া দুই শিশু ২৫ শতাংশ ও আরেক শিশু ২০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।































