অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মানবে না বাংলাদেশ :পররাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 270
বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে এবং তাদের সামনে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মূলমন্ত্র ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার আগে থাকবে দেশের স্বার্থ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করা হবে। জাতীয় মর্যাদা ও ন্যাশনাল ডিগনিটির ভিত্তিতেই নির্ধারিত হবে সব কূটনৈতিক অবস্থান।
তিনি জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও বৈশ্বিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে ভবিষ্যতে আরও গভীর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, সব ইস্যু পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সমাধান করা হবে এবং সামনে আরও গতিশীল বৈদেশিক নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত বৈঠকগুলো সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে, শিগগিরই নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে।
































