সংরক্ষিত নারী আসনে মনোনয়নে এগিয়ে যারা

- সর্বশেষ আপডেট ০৫:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 209
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে বড় জয়ের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৫টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় মনোনয়ন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা ও তৎপরতা।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি তাদের ঝুলিতে যাচ্ছে। ফলে দলটির ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং ঢাকায় অবস্থান করছেন।
দলীয় সূত্র জানায়, সাধারণ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এমন বহু নেত্রী এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নের আশায় সক্রিয় হয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে। এখন সবার নজর সেই ঘোষণার দিকে।
বিভিন্ন পর্যায়ের নেত্রীদের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন—বিলকিস আকতার জাহান শিরিন, শিরিন সুলতানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবী, শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন।
এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কণ্ঠশিল্পী বেবী নাজনিন, রিজিয়া পারভিন ও কনক চাঁপাসহ আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের একাধিক নেত্রী মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন।
ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের নেত্রীরা দৌড়ে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কেউ দীর্ঘদিন মামলা-হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন, কেউ সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
দলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, যোগ্যতা, সাংগঠনিক অবদান, ত্যাগ এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা—সবকিছু বিবেচনায় নিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হবে। তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনাও এবার বেশি বলে ধারণা করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যেই সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
































