জানুয়ারিতে সড়কে ৪৮৭ প্রাণহানি

- সর্বশেষ আপডেট ০৩:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 158
নতুন বছরের প্রথম মাসেই সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ। জানুয়ারিতে দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু—পরিসংখ্যানটি শুধু সংখ্যা নয়, বরং চলমান এক নীরব বিপর্যয়ের প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন মাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব সূত্রের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য—মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৮টি ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ। এছাড়া চারটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩২ জনের, আহত ১৭ জন।
যানবাহনভিত্তিক হিসাবে মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যুই সর্বোচ্চ (১৯৬)। এরপর থ্রি-হুইলার যাত্রী ৭৭, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ২৮, বাসযাত্রী ২১, প্রাইভেটকার ও মাইক্রোবাসের আরোহী ৯, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ এবং বাইসাইকেল আরোহী ১১ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বলছে—২০৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৫টি মুখোমুখি সংঘর্ষে, ১৩৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭২টি পেছন থেকে আঘাতে এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। সর্বনিম্ন সিলেট বিভাগে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৮ জনের; আহত ৪১ জন।
প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, নির্ধারিত কর্মঘণ্টা ও বেতন কাঠামোর অভাব, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহনে চাঁদাবাজি।
সুপারিশও আছে—দক্ষ চালক তৈরি, কর্মঘণ্টা ও বেতন কাঠামো নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, আইনের প্রয়োগ নিশ্চিতকরণ, মহাসড়কে সার্ভিস রোড ও রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন।

































