কক্সবাজারে ওজিল ও এরদোয়ানের ছেলে বিলাল
- সর্বশেষ আপডেট ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 132
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছায় এই প্রতিনিধি দলটি। এসময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।
এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি ) কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (TIKA) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারেটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।
ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।






























