শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

- সর্বশেষ আপডেট ১০:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 70
রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সংশ্লিষ্টরা এটিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন।
দলীয় সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার বার্তা দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দীর্ঘদিনের বিভাজন ও প্রতিহিংসামূলক রাজনীতির পরিবর্তে সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ধারার ইঙ্গিত মিলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। জোটের শরিকরা আরও তিনটি আসন লাভ করায় আগামী সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
এদিকে নির্বাচনে বিপুল বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই সংখ্যাগরিষ্ঠ বিজয় গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় হিসেবে বিবেচিত হবে এবং দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য তা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।





























