ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে টেলিকম আইনে পরিবর্তন

- সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 148
অন্তর্বর্তী সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ক্ষমতা আইনি কাঠামো থেকে সরিয়ে নাগরিক অধিকার ও ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “একসময় বেআইনি নজরদারি ও ইন্টারনেট বন্ধের মাধ্যমে নাগরিকদের কণ্ঠরোধ করা হতো। এখন এই সংশোধন রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ককে নতুন ভিত্তিতে দাঁড় করাচ্ছে।”
নতুন আইনের মূল বৈশিষ্ট্যগুলো হলো, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যেখানে হেইট স্পিচ কেবল তখনই অপরাধ হিসেবে গণ্য হবে যখন এটি সরাসরি সহিংসতা উসকে দেয়। বিটিআরসি’র অধিকাংশ ক্ষমতা পুনর্বহাল হয়েছে, মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা কমানো হয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য জরিমানা কমিয়ে আনা হয়েছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা খাতে আস্থা ফিরিয়ে আনতে পারে। নজরদারি ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে ন্যস্ত করা হয়েছে, যেখানে প্রি-অ্যাপ্রুভাল, পোস্ট-ফ্যাক্টো রিভিউ এবং স্পষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সংযুক্ত। পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিয়মিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
ফয়েজ তৈয়্যব বলেন, “এই সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এটি শুধু আইন পরিবর্তন নয়—রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক পুনর্গঠনের সাহসী পদক্ষেপ।” প্রফেসর মুহাম্মদ ইউনূসও এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন।
































