পীরের প্রভাব কাটাতে নারী-কেন্দ্রিক ভোটব্যবস্থা চাঁদপুরে

- সর্বশেষ আপডেট ০৪:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 79
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ ৫৪ বছর ধরে পীরের নির্দেশ মেনে নারীরা ভোট দেন না। মাঝেমধ্যে প্রার্থীদের নিকটাত্মীয় কয়েকজন ভোট দিলেও সংখ্যাটি ছিল অত্যন্ত কম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিস্থিতি বদলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৮টি কেন্দ্রেই নারী ম্যাজিস্ট্রেটসহ সব পর্যায়ের কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সত্তরের দশকে জৈনপুরের এক পীরের অনুরোধের পর থেকেই ইউনিয়নের অধিকাংশ নারী ভোটকেন্দ্রে যান না। তবে ভোট ছাড়া সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ স্বাভাবিক। হাট-বাজারসহ নানা কাজে তাদের সক্রিয় উপস্থিতি থাকলেও ভোটের ক্ষেত্রে অনাগ্রহ দীর্ঘদিনের।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যেকোনো মূল্যে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ৮টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়নে নারী ভোটার রয়েছেন ১০ হাজার ২৯৯ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, নারীদের জন্য ২০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার ভিডিপির নারী সদস্য রাখা হয়েছে এবং পুরো ইউনিয়নের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীকে সংশ্লিষ্ট বুথে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
ইউএনও বলেন, পর্দা বজায় রেখে ভোট দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এবার নারীরা ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছে প্রশাসন।
































