বিতর্কিত বক্তব্যের জেরে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

- সর্বশেষ আপডেট ১০:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 147
দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য এবং কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী আচরণের কারণেই তাঁর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা দলকে বিব্রতকর অবস্থায় ফেলে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে আয়োজিত একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।
উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ইতোমধ্যে বাতিল হয়েছে। বহিষ্কারের মধ্য দিয়ে দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিএনপি যে কঠোর অবস্থানে রয়েছে, এ সিদ্ধান্ত তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।































