শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি’র

- সর্বশেষ আপডেট ০৪:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 211

যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ডিআইজি রেজাউল হক রেজা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স
জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক রেজা, পিপিএম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি রেজাউল হক রেজা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে অভিযোগ প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ও কঠোরভাবে তা দমন করা হবে। প্রয়োজনে আইনসম্মত সব ধরনের ব্যবস্থা, এমনকি রাবার বুলেট ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হবে বলে জানান তিনি।
ডিআইজি বলেন, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটসহ যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। সরকার ঘোষিত নির্বাচনসংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের জাতীয় সংসদ নির্বাচন আরও সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী। এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























