নির্বাচনে ৮৭৭০ ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

- সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 118
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রসংক্রান্ত হুমকি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, সীমান্তপথসহ বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে অস্ত্র প্রবেশের আশঙ্কা থাকলেও তা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং বৈধ অস্ত্রের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বাহারুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
নির্বাচনী নিরাপত্তায় জনবল ও প্রযুক্তির সমন্বয়ের কথা উল্লেখ করে আইজিপি জানান, এবারের নির্বাচনে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে পরিচালিত হবে—ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স।
তিনি আরও জানান, প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সার্বিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তফসিল ঘোষণার পর থেকে সহিংসতার চিত্র তুলে ধরে বাহারুল আলম বলেন, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।
আইজিপির ভাষ্য অনুযায়ী, এসব অভিজ্ঞতা সামনে রেখে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

































