কিশোরগঞ্জ- ১ আসনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 195
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলামের পক্ষে ব্যাপক জনসমাগমে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলোর বাড়ি মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার অংশ নেন। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় নির্বাচনী আমেজ।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য হনুফা আক্তারের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ও ফেনী জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীনুর কলি (পপি), গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন, হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, উপজেলা ছাত্রদল নেতা জান্নাতুল নাঈম নিক্সন এবং ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মিয়া।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তারা মাজহারুল ইসলামকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































