গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান মির্জা ফখরুলের

- সর্বশেষ আপডেট ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
গণভোটকে রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই গণভোটের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে—কারা সংস্কারের পক্ষে, আর কারা বিপক্ষে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যেভাবে এতদিন দেশ ও রাষ্ট্র পরিচালিত হয়েছে, যারা তা পরিচালনা করেছিল তারা আজ পালিয়ে গেছে। এখন দেশকে সঠিক পথে আনতে হলে সংস্কার জরুরি, আর সেই সিদ্ধান্ত নিতেই এই গণভোট আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। বিএনপি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তিনি সব সময় তাদের পাশে আছেন এবং তাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না বলে আশ্বস্ত করেন।
জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, মাত্র তিন দিন পরই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে—দেশ আগের ধারায় চলবে, নাকি নতুন পথে এগোবে। তিনি প্রশ্ন রাখেন, মানুষ কি নতুনভাবে দেশ পরিচালিত হতে দেখতে চায় না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার নেতা হিসেবে উল্লেখ করে বলেন, পুরোনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত এমন একজন তরুণের, যিনি নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন। সবাইকে সেই পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।































