নবম পে-স্কেলের গেজেট দাবি
যমুনা ঘেরাও, জলকামান নিক্ষেপ

- সর্বশেষ আপডেট ১২:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 196
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখে মিছিলে অংশ নেয়া আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।
এর আগে, সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, যেখানেই বাঁধা আসবে সেই জায়গায় অবস্থান করে কর্মসূচি পালন করবে। বক্তারা আরো বলেন, নির্বাচনের আগেই গেজেট জারি করতে হবে।
এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। আন্দোলন নেতারা জানান, কর্মসূচি আরও শক্তিশালী করতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষকরাও পে-স্কেল নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।




































