কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

- সর্বশেষ আপডেট ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 127
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী ও জেলা সভাপতি শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ হিসেবে খারিজ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা গণঅধিকার পরিষদের নেতারা।
বুধবার হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদ শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া। তারা জানান, ২ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলা শাখার সংবাদ সম্মেলনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দাবি করা হয়, দলের চেয়ারম্যানের পাকুন্দিয়া সফরের জন্য তিন লাখ টাকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে হিসাব চাওয়া হলে জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রমজান আলী ও পাকুন্দিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক শহিদ গং অজুহাতে হিসাব দিতে গড়িমসি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনে এমপি প্রার্থীকে বিজয়ী করানোর আশ্বাস দিয়ে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। শফিকুল ইসলাম এই অর্থ দিতে অস্বীকৃতি জানালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ তৈরি করা হয়।
শেষে সংবাদ সম্মেলনে নেতারা এই ধরনের বিভ্রান্তিমূলক ও দলবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে বিরত থাকার আহ্বান জানান।































