দীঘিনালায় বিএনপি প্রার্থীর পোস্টার ও ফেস্টুন ভাঙচুর

- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 112
খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার জবাবদিহির জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগপত্র দিয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সহকারী ট্রেনিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। অভিযোগে বলা হয়েছে, ২৯৮ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভাইয়ার নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পোস্টার, ব্যানার ও ফেস্টুনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করা হচ্ছে। তারা জানান, এই কর্মকাণ্ড সম্পূর্ণ আইনবিরোধী এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের অনুমোদিত পোস্টার ও ব্যানার থাকা সত্ত্বেও বারবার তা নষ্ট করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। নেতারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনায় তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।































