নারীর ক্ষমতায়ন প্রাধান্য: জামায়াতের ৪১দফা ইশতেহার

- সর্বশেষ আপডেট ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 144
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬টি অগ্রাধিকারের ওপর ভিত্তি করে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে দেশের শাসনব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, অর্থনীতি, শিল্প, কৃষি ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে সংস্কারের দিকনির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের ইশতেহারের ২৬টি অগ্রাধিকার হলো: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা; বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন; যুবকদের ক্ষমতায়ন; নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থান; আইনশৃঙ্খলা উন্নয়ন; প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ; কর্মসংস্থান সৃষ্টি; সরকারি চাকরিতে মেধা ও স্বচ্ছ নিয়োগ; আর্থিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব অর্থনীতি; সুষ্ঠু নির্বাচন ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা।
৪১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোতে রয়েছে শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, জনপ্রশাসনে জবাবদিহিতা, স্থানীয় সরকার, দুর্নীতিমুক্তি, স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলা, তথ্য ও গণমাধ্যম, পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি, বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনীতি ও বাণিজ্য, শিল্প, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্ম, যোগাযোগ, পর্যটন, গৃহায়ণ, ভূমি, যুব ও ক্রীড়া, আইসিটি, ডাক ও টেলিযোগাযোগ, সমাজকল্যাণ, নারী ও শিশু সুরক্ষা, পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব, এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই ইশতেহার দেশকে নিরাপদ, সমৃদ্ধ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করছে।
































