বুধবার থেকে আট জেলায় চালু হচ্ছে ই-বেইলবন্ড

- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 107
বিচার প্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচার ব্যবস্থাকে আধুনিক করতে আগামীকাল বুধবার দেশের আট জেলায় ডিজিটাল ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। এর মাধ্যমে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া চালু হবে।
বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের হয়রানি লাঘবের লক্ষ্যে সরকার ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে। এটি বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এর আগে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হয় এবং বর্তমানে তা সফলভাবে চলছে।
ড. রেজাউল করিম জানান, আগামীকাল থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালু হচ্ছে। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তারাও ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেবেন।































