গঙ্গামতিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৪:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 161
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি সৈকতের সূর্যোদয় পয়েন্ট এলাকায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে। উদ্ধার সময় তার পরনে ছিল লাল শার্ট ও কালো হাফপ্যান্ট। এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
নৌ–পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গামতি সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সমুদ্র থেকে ভেসে এসে এটি চরে আটকে গেছে।”
স্থানীয় দোকানদার জহিরুল জানান, “সকালে দোকান খুলতে এসে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে আমরা পুলিশে খবর দিই।”
কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।”


































