চলাচল শুরু ফেরি-স্পিডবোট
৫ দিন পর সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক
- সর্বশেষ আপডেট ১২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 5
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় পাঁচ দিন পর চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে স্পিডবোট ও ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দ্বীপবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আগারগাঁও থেকে সতর্ক সংকেত প্রত্যাহারের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নৌযান চলাচল শুরু হয়।
কপোতাক্ষ ফেরির মাস্টার সাইফুল ইসলাম জানান, সতর্ক সংকেত প্রত্যাহারের পর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্পিডবোট চলাচলও স্বাভাবিক হয়েছে।
নৌযান চলাচল শুরু হওয়ায় গত পাঁচ দিন ধরে আটকে থাকা শত শত যাত্রী, পণ্যবাহী যানবাহন, চালক ও শ্রমিকদের দুর্ভোগের অবসান হয়েছে। পাশাপাশি দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও আবার শুরু হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে গত ২৫ জুলাই থেকে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে জরুরি রোগী, প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীদের পারাপার মারাত্মকভাবে ব্যাহত হয়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহন, যার প্রভাব পড়ে পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রায়।
এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে এই রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল গত দুই মাস ধরেই বন্ধ রয়েছে। ফলে বৈরী আবহাওয়ার সময় ফেরি ও স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প নৌযানও ছিল না।
নৌ যোগাযোগ পুনরায় চালু হওয়ায় সন্দ্বীপে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয়দের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্বীপের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে।
































