৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু
- সর্বশেষ আপডেট ১০:৫৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 109
সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) তত্ত্বাবধানে লাখো প্রার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশের সুযোগ নেই। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও তথ্য জানানো হয়েছে।
প্রবেশপত্রের তথ্য ও ছবির সঙ্গে উপস্থিতির তালিকা মিলিয়ে পরীক্ষা শুরু করা হচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা হয়েছে। সঠিক উত্তরে এক নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কেটে নেওয়া হবে। দুই ঘণ্টার পরীক্ষার মধ্যে কেউ কক্ষ ত্যাগ করতে পারবে না।
পরীক্ষাকক্ষে বই, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হচ্ছে। নিষিদ্ধ সামগ্রী বা নকলের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক এবং প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় রয়েছে। অন্যান্য প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না; হারানো প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন ও প্রশ্নপত্র রয়েছে। কোনো প্রার্থীর জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষায় অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
































