২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

- সর্বশেষ আপডেট ০১:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 341
বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।
এর আগে ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।
নতুন প্রধান বিচারপতির নিয়োগ সুপ্রিম কোর্টের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। শপথ নেওয়ার পর তিনি দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করবেন।






























